চেয়ারম্যান
শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান হাতিয়ার। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল—গ্রামের মেধাবী শিক্ষার্থীরা যেন শহরের শিক্ষার্থীদের মতো আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা লাভের সুযোগ পায়। সেই স্বপ্ন থেকেই প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করি।
এই ট্রাস্টের অধীনে আমরা পর্যায়ক্রমে মসজিদ, মাদ্রাসা, শিশুকানন, স্কুল, কলেজ, ভোকেশনাল ও পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থী তৈরি করা নয়; বরং জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও দক্ষতায় সমৃদ্ধ আদর্শ মানুষ ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা।
এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান ভূইয়া ও কাজী ফজলুল করিম-এর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা প্রতিষ্ঠানের প্রয়োজনে নিজেদের সময়, শ্রম ও সামর্থ্য উজাড় করে দিয়েছেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও আমাদের পাশে থেকেছেন। তাঁদের ত্যাগ ও আন্তরিকতা এই প্রতিষ্ঠানগুলোর অগ্রযাত্রার ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
একই সঙ্গে আমাদের সহধর্মিণীর নীরব ত্যাগ, ধৈর্য, উৎসাহ ও সহযোগিতার কথাও গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। একটি বড় স্বপ্ন বাস্তবায়নের পথে পরিবারের যে ত্যাগ থাকে, তাঁর সহযোগিতা আমাদের সেই পথকে আরও সহজ ও শক্তিশালী করেছে।
আমরা বিশ্বাস করি, একটি শিশুকে মানসম্মত শিক্ষা দেওয়া মানে শুধু একটি জীবন পরিবর্তন করা নয়; বরং একটি পরিবার, একটি সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করা।
আমাদের এই প্রতিষ্ঠানগুলো হোক জ্ঞান, নৈতিকতা, দক্ষতা ও মানবিকতার আলোকবর্তিকা—এটাই আমাদের প্রত্যাশা।
আল্লাহ আমাদের এই মহৎ উদ্যোগকে কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণে এর সুফল প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিন।
প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকী
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান